গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি’র বহিস্কৃত নেতা রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকায় গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলামকে পুলিশ আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান শুনানী শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন ।
এরআগে শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার রাজাহার ইউপি’র রাজাবিরাট বরট্ট আািদবাসী পল্লীর জমি নিয়ে বিরোধের জেরে ফিলোমিনা হাঁসদা ও তার পরিবারের স্বজনদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল সহ ৩১জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন ফিলোমনা হাঁসদার ছেলে জুলিয়াস সরেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার (৮ জানুয়ারি) ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে চেয়ারম্যার রফিকুলের ৫দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতের কাছে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আটক রাজাহার ইউপি চেয়ারম্যান কারাগারে
জানুয়ারি ৯, ২০২৫
































