গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালক রায়হান কবির মিলনকে (২২) হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের পলাতক প্রধান আসামী হোসেন আলীকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) সকালে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৫ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জের নিমতলা মোড় থেকে হোসেন আলী গ্রপ্তার করে। সে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান কবির মিলনকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামী হোসেন আলী। তাকে রোববার (৬ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এর আগে ১২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের দক্ষিন চাঙ্গুরা আদিবাসী পল্লির জনি মুর্মুর বাঁশ ঝাড় থেকে অটোচালক রায়হান কবির মিলনের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে উপজেলার কামদিয়া ইউনিয়নের খারিতা গ্রামের আব্দুর রহিমের ছেলে খাদেমুল ইসলাম (২৭), পালষট্টি গ্রামের শুকুর আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯), রঘুনাথপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মীর হোসেন (২৪) ও পালষট্টি গ্রামের বিশ্বনাথ মালির ছেলে চন্দন মালিকে (৩০) গ্রেপ্তার করা হয। তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ অন্যান আলামত উদ্ধার করে পুলিশ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের পলাতক প্রধান আসামী হোসেন আলী র্যাবের হাতে ধরা
অক্টোবর ৭, ২০২৪


































