গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ ভায়া কোচাশহর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (২০ এপ্রির) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোচাশহর শাখার সভাপতি বদরুল হাসান মন্ডল, সমাজ সেবক দবির হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসা, বজলুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ফিরোজ কবির পারভেজ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বাপ্পী শেখ প্রমুখ।
বক্তারা বলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা ও কোচাশহর ইউনিয়নের একমাত্র চলাচলের এই সড়কটির কোচাশহর বাজার এলাকা দীর্ঘদিন যাবত বেহাল দশায় পড়ে আছে। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করে। সড়কের বেহাল দশার কারণে মানুষদের প্রতিনিয়ত নানা দুর্ভোগ সহ দুর্ভোগের শিকার হচ্ছে।
তারা বলেন বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার অংশে সড়কটি সংস্কার আর মেরামতের নামে বার বার অর্থ ব্যয় করেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতায় স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। তাই বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের কোচাশহরে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী এলাকাবাসীর মানববন্ধন
এপ্রিল ২২, ২০২৫


































