বগুড়া ব্যুরো :
হাজারো বাবুই পাখি নষ্ট করছে ক্ষেতের পাকা ধান। আগাম আউশ ধান পাঁকায় ক্ষেতে হানা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি। খেয়ে নষ্ট করে ফেলছে জমির পাঁকা ধান। আর সেই ধান রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কৃষকরা। বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠে এমন ঘটনা নিত্যদিনের। চাষিরা বাবুই পাখি তাড়াতে নানা পন্থা অবলম্বন করছেন। কেউ কেউ তপ্ত রোদে ধানক্ষেতে পাহারাও বসিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিন দেখা যায়, পাঁকা ধান রক্ষায় জমিতে প্রাণান্তর লড়াই করছেন পৌর এলাকার সরকারপাড়া গ্রামের আউশচাষি নুরুল ইসলাম। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, আড়াই বিঘা জমিতে ব্রি-৯৮ জাতের ধান চাষ করেছি। বাড়ি নিয়ে যাব কি? সব ধান খেয়ে নিচ্ছে বাবুই পাখির ঝাঁক। তার জমির আউশ ধান তিন ভাগের একভাগ বাবুই পাখি খেয়ে ও নষ্ট করে ফেলেছে।
একই এলাকার কৃষানি আয়মনা বিবি বলেন, আউশের শুরুতেই অনাবৃষ্টি। সেচ খরচ, বৃষ্টি কম হওয়া, পোকার আক্রমণ, ইঁদুরের হানা, সবশেষ আবার এখন পাখির আক্রমণ। ধান ঘরে নিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। হাজারও বাবুই পাখির দল পাকা ধান ক্ষেতে পড়ছে। খাচ্ছে আর নষ্ট করছে। তাই পলিথিন, বোতল, ক্যাসেটের ফিতা সাঁটিয়ে পাখির হাত থেকে ধান রক্ষায় লড়াই করে যাচ্ছি। কৃষক দেলবর আলী জানান, পাখির অত্যাচারে আর বাঁচি না। ঝাঁকে ঝাঁকে পাখি আসে। পাখির অত্যাচারে বাধ্য হয়ে জাল কিনে এনে ধান ঢেকে দিয়েছি। অনেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাচায় বসে টিন বাজাতে থাকেন।
আউশ চাষিরা জানান, উপজেলায় এবার কম বৃষ্টিপাত হয়েছে। চাষিরা এবার সেচ দিয়েই আউশ রোপণ করেছেন। এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু হয়েছে কোথাও কোথাও। এদিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। পাঁকা ধানক্ষেত রক্ষায় নানা পদ্ধতি অবলম্বন করছেন। কেউ কেউ জমির চারদিকে জাল দিয়ে ঘেরাও করেছেন, কেউ কেউ টিনের সাহায্যে উচ্চ শব্দ সৃষ্টি করে পাখি তাড়াচ্ছেন, কেউ পলিথিন সাঁটিয়ে দিচ্ছেন, অনেক আবার দিনভর জমিতে বসে পাহারা দিচ্ছেন।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে। ধানে পাক ধরেছে। চালও এসেছে। এ সময় পাখিদের খাদ্য সঙ্কট থাকায় তারা পাঁকা আউশ ধানের জমিতে এসে বসছে। বিষ বা ফাঁদ দিয়ে পাখি হত্যা করা যাবে না। পাখির হাত থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়া বা নেট জাল দিয়ে জমি মুড়িয়ে রাখার ব্যবস্থা করা যেতে পারে।
আমন্ত্রণ/এসিজি
আউশ ক্ষেতে বাবুই পাখির ঝাঁক ধান রক্ষায় জমি পাহারায় কৃষক
আগস্ট ৮, ২০২৫
































