অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীতে হিমাগার ও স্থানীয় বাজারে আবার আলুর দামে অস্থিরতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রকাভেদে ২০ থেকে ২৩ টাকা বেশিতে কিনতে হচ্ছে আলু। হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকার পরও প্রতিদিন কেন দাম বাড়ছে- সেই প্রশ্ন সাধারণ ভোক্তাদের।
অভিযোগ উঠেছে, বাজার তদারকির অভাবে আলুর দাম বেড়েছে। তবে হিমাগার কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, এবার উৎপাদন কম হওয়ায় হিমাগারে কাঙ্খিত আলুর মজুদ হয়নি। চাহিদামতো আলু সংরক্ষণ না থাকায় কদিন পর বাজারদর কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে হিমাগার কর্তৃপক্ষও শঙ্কিত।
ভোক্তাদের অভিযোগ, এই সময়ে আলুর কেজি ২০ থেকে ২৫ টাকা থাকার কথা। কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাতায়। কয়েকদিন আগে সরকার প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করে দেয় ২৯ টাকা। কিন্তু এমন নির্দেশনা কেউই মানছেন না।
সোমবার (৬ মে) হিমাগার ও স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৭ টাকায়। ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। দেশিয় লাল পাটনাই প্রতি কেজি ৫৫ থেকে ৫৮ টাকা। গত ১৫ দিনে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে প্রকারভেদে ১৫ থেকে ২০ টাকা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অপরিপক্ক আলু বিক্রি করায় এবার ফুলবাড়ীতে উৎপাদন ৪৪ হাজার ৮৫ মেট্রিক টন হয়েছে। শুধু অপরিপক্ক আলু উত্তোলনই নয়, রোপণ মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী খাবার আলু বীজ হিসেবে বিক্রি করায় এবার উৎপাদন কম হয়েছে। উপজেলার একমাত্র হিমাগার ফুলবাড়ী কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার সংরক্ষণ অনেকটাই কম।
ব্যবসায়ী অজয় দত্ত ও হামিদুল ইসলাম বলেন, সংরক্ষণ করতে গিয়ে যেখানে এক আলুতে সব মিলে নির্ধারিত দাম পড়েছে ৩৫ থেকে ৩৬ টাকা, সেখানে সরকার ২৯ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে কীভাবে?
ফুলবাড়ী ক্লোড স্টোরেজের ব্যবস্থাপক মো. আবুল হাসনাত বলেন, আলু সংকটে হিমাগার। অনেকাংশে ফাঁকা পড়ে আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, বেশি দাম পেয়ে অপরিপক্ক আলু তোলায় লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। সংরক্ষণ না হলে আলুর সংকট হতেই পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, সকল পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। তবে এরমধ্যেও যদি কেউ সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে থাকে সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অস্থির হয়ে ওঠেছে ফুলবাড়ীর আলুর বাজার
মে ৬, ২০২৪
































