বগুড়া ব্যুরো:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সাড়ে ১৫ বছরে অবৈধ প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন দেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে। ঢাকার পূর্বাচলে অবৈধভাবে শত শত কাঠা জমি তারা নিজেদের নামে লিখে নিয়েছে। অথচ জিয়াউর রহমানের নামে কোথাও কোন জায়গা ছিল না। সেই সময়ের সরকার তাকে থাকার জায়গা দিয়েছিলেন। দেশের কোথাও তার সম্পত্তি নেই। ৭১ সালে যখন কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেই, তখন একজন মেজর সেই সিদ্ধান্ত নিয়ে এই জাতি ও দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী সুখে দুঃখে সংকটে এ জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই তিনি পুণরুদ্ধারের জন্য অক্লান্ত প্রচেষ্টা করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপি আয়োজিত রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে তিনি এসব কথাগুলো বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার বারবার নিপীড়ন, নির্যাতনে চালিয়েছে বেগম খালেদা জিয়ার ওপর। একটি ভাঙ্গা বিধ্বস্ত কারাগারের মধ্যে রেখে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিল। আল্লাহর রহমত তিনি বেঁচে আছেন। দেশে পরিবর্তন এসেছে, শেখ হাসিনা পালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন রয়েছে লন্ডনে। মহান রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দান করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ট পরিষদ সদস্য সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর সাইলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সাহাদত হোসেন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন। দোয়া মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসাইন।
আমন্ত্রণ/এসিজি
অবৈধ প্রধানমন্ত্রী পূর্বাচলে শত শত কাঠা জমি লিখে নিলেও জিয়াউর রহমানের নামে কোথাও কোন জায়গা ছিল না -বগুড়ায় রিজভী আহমেদ
জানুয়ারি ২১, ২০২৫






























