আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
৩১০ রানের বড় পুঁজি গড়েও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ছিটকে গেছে আফগানিস্তান। সেমিফাইনালেই থামল তাদের যাত্রা।
ম্যাচটিতে যুব ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আফগান তরুণ ফয়সাল শিনোজাদা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সামি আসলাম এতদিন একাই সেই রেকর্ড দখলে রেখেছিলেন।
ফয়সাল শিনোজাদা ও সামি আসলাম দুজনেই সমান ৬টি সেঞ্চুরি করেছেন যুব ওয়ানডেতে। এক্ষেত্রে অবশ্য আফগান ব্যাটার অনেক দ্রুততম এই কীর্তি গড়েছেন। ফয়সাল ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ২২তম ওয়ানডেতে। ওই রেকর্ড গড়তে সামির লেগেছে ৪০টি ম্যাচ।
এ ছাড়া ভারতের উন্মুক্ত চাঁদ ও বাংলাদেশের তাওহীদ হৃদয় সমান ৫টি করে সেঞ্চুরির রেকর্ড রয়েছে।
ভারতের বিপক্ষে বুধবার ৯৩ বলে ১৫টি চারের সাহায্যে ১১০ রান করেন ফয়সাল শিনোজাদা। উজাইরউল্লাহ ৮৬ বলে ১২ চার ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ১০১ রানে। যাতে ভর করে আফগান যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে।
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার
ফেব্রুয়ারি ৫, ২০২৬


































