আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের কল্যাণ ও একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম সিরাজ বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশায় জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন এবং ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
এ সময় বিসিক পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। সম্মেলনে ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে – জিএম সিরাজ এমপি
সেপ্টেম্বর ২০, ২০২৬






























