দৈনিক আমন্ত্রণ ক্রীড়া প্রতিবেদক :
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চারটি দলের অংশগ্রহণে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচ শেষে শীর্ষ দুই পয়েন্টধারী দল ফাইনাল খেলবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। নেপাল ও ভারতের পয়েন্ট তিন। ভুটান দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নেপাল ও ভারতের মধ্যে এক দল জয়ী হলে ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে।
প্রথমার্ধে আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত চেপে ধরে, ৫০ মিনিটে ভারতের একটি আক্রমণ পোস্টে লাগে। চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ালে খেলায় সমতা আসে।
এর পর ভারত লিড নেওয়ার চেষ্টা করে। ৮০ মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে গোল করেন। লিড পায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত বাংলাদেশের
মার্চ ২১, ২০২৪
































