আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রেজন (২২) নামে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেজন উপজেলার মাটিকোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, রেজনের সঙ্গে প্রতিবেশী এক স্বামী পরিত্যাক্তা নারীর (২০) প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে রেজন একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে বিয়ের কথা বললে সে নানা অজুহাতে এড়িয়ে যেতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে রেজন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পাশের একটি নির্জন পুকুরপাড়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে বুধবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ধুনট থানায় রেজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, অটোভ্যান চালক গ্রেপ্তার
অক্টোবর ১২, ২০২৫
































