রফিক প্লাবন, দিনাজপুর :
স্বাধীনতার পর ৫২ বছর ধরে দেশে শিক্ষা ব্যবস্থায় কোন কারিকুলামই পাস করেনি। শুধু ফেইল আর ফেইল। সর্বশেষ ছিল সৃজনশীল পদ্ধতি সেটিও ফেইল। বার বার কারিকুলাম বদলের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার গুনগত মান। আর এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। শনিবার (২৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় উদীচী দিনাজপুর জেলা সংসদের সত্যেন সেন ভবনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগের আয়োজনে বাংলাদেশ উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক ও সাংবাদিক রণেশ দাশ গুপ্ত স্মারক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল লেখক ও শিক্ষাবিদ এ এন রাশেদা’র লেখা প্রবন্ধ ‘শিক্ষা কারিকুলাম বর্তমান ও অতীত দূর লক্ষ্য কী?’ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রংপুর জেলা সংসদের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।
উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক রেজাউর রহমান রেজু’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সংসদের সদস্য সেতারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ। সেমিনারে মূল প্রবন্ধটি উপস্থাপনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব ও পঞ্চগড় জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম।
ড. শাশ্বত ভট্টাচার্য বলেন, ড. কুদরত ই খুদার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হয়নি তার পেছনেরও রাজনৈতিক কারণ। এছাড়া ৫২ বছর ধরে দেশে শিক্ষা ব্যবস্থায় কোন কারিকুল্যামই পাস করেনি। শুধু ফেইল আর ফেইল। রাষ্ট্র ব্যবস্থা এখন আমলা তন্ত্র এবং পুলিশ তন্ত্র দ্বারা পরিচালিত। তিনি বলেন, বর্তমান শিক্ষা কারিকুলাম দ্বারা কোন বিজ্ঞানী তৈরি হবে না। রেজাউর রহমান রেজু বলেন, ভবিষ্যতে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা গভীর আলোচনা করবো। কারণ চোখের সামনে একজি জাতি মেধা শুন্য হয়ে যাবে। এটি কোনভাবেই হতে দেওয়া যাবে না। প্রয়োজনে কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত আসলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
অমিত রঞ্জন দে বলেন, মুল সমস্যা হচ্ছে শিক্ষার অব্যবস্থাপনা। অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়া হয়েছে। স্বপ্নময় এই কারিকুলামকে অপ্রতুল সময়ে ছেড়ে দেয়া হয়েছে। এর দ্বারা হয়তো শিক্ষার্থী পাশ করবো তবে মেধাবী হবে না। তাই বাংলাদেশের চারটি স্তম্ভকে মাথায় রেখে বছর শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা জরুরী। অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, জনমুখি রাজনীতি না থাকার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজ এই পরিনতি। সত্য ঘোষ বলেন, কোন মৌলবাদীর কথায় যেন সরকার কর্ণপাত না করেন। তিনি বলেন, বিভিন্ন জেলা-উপজেলায় মডেল মসজিদ নির্মান হচ্ছে। কিন্তু মডেল শিক্ষা প্রতিষ্ঠান নির্মান হচ্ছে না।
শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী হারুন উর রশিদ এর সঞ্চালনায় সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ড. বিকে বোস, ড. আহাদ আলী, শিক্ষক জলিল আহমেদ, শফিকুল ইসলাম, মো. ফজলুর রহমান, ড. রেদওয়ানুর রহমান টিটো, সঞ্জীব কুমার সাহা, আবু রায়হান আজাদ, পঞ্চগড় উদীচীর গোলাম কিবরিয়া। সেমিনারের শুরুতে উদীচী দিনাজপুর জেলা সংসদের শিল্পীরা একটি গণসঙ্গীত পরিবেশন শেষে অতিথিদের আসনগ্রহনের পর নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সেমিনারে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরসহ জেলা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ৫২ বছরেও দেশের শিক্ষা ব্যবস্থায় কোন কারিকুলাম পাস করেনি. দিনাজপুরে রণেশ দাশগুপ্ত স্মারক সেমিনারে বক্তারা
মার্চ ১, ২০২৪
































