বগুড়া ব্যুরো :
বগুড়ায় চাঁদা না দেয়ায় বখাটেদের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এসময় তার স্ত্রী রোজিনা বেগমও (৩৮) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।
রানা জয়পুরপাড়া পশ্চিম পাড়ার এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী। বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার ভাড়া নিয়ে রিকশাচালকের সঙ্গে রানার বিরোধ হয়। এসময় রানার প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর, রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার জামাইকে জানায়। রিকশাচালকের জামাই পরদিন ইনছানকে ডেকে চড় থাপ্পড় দেয়। মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌছিলে ইনছান ও সাগরের সঙ্গে দেখা হয়। এসময় ইনছান জানায় তার (রানা) পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ে মারধরের শিকার হয়েছে। একারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এসময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
নিহত রানা ভাতিজা মুর্তজা জানান, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পর পরই ইনছান ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। এঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর, স্ত্রী আহত
সেপ্টেম্বর ১১, ২০২৪
































