সংবাদ সম্মেলনে অভিযোগ :
বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে ২৮জন টিসিবির ডিলারের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এখন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩৫০০ টাকা করে চাঁদা চাইছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। শুধু তাই নয় মামলা থেকে নাম কাটার জন্য আলাদা করে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্ব্চ্ছোসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল বারী এই চাঁদা দাবি করে আসছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি টিসিবির ডিলাররা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন টিসিবির ডিলার মাসুদ রানা। তিনি বলেন, উপজেলার একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে উপজেলার ২৮ জন টিসিবির ডিলারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলা দায়ের করা করেছে। মামলার বাদি শিবগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম আমিনুল হলেও তিনি ভুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ডিলারদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে বাদী ও স্বাক্ষীরা মোবাইল ফোনে এবং তাদের লোক মারফত বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলেছে। তাদের হুমকির কারণে সরকার কর্তৃক সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত টিসিবির মালামাল প্রদানের দায়িত্ব কেউ গ্রহণ করছে না। এ অবস্থায় ডিলাররা অসহায় হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল বারী প্রত্যেক টিসিবির ডিলারদের কাছ থেকে প্রতিমাসে সাড়ে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা মামলা হতে তাদের নাম প্রত্যাহার করে দেয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করছে। এসব বাধার কারণে টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে পৌছে দিতে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে মীর শাহে আলমের ভাতিজা মীর মুন, আব্দুল বারী ডিলারদের প্রতিনিধিদের কাছে প্রস্তাব দেয় যে তারা প্রশাসনকে বলে সমস্যার সমাধান করে দিতে পারবে। বিনিময়ে ডিলারদের থেকে ৫ হাজার টাকা করে দিতে হবে। এছাড়াও প্রত্যেক ডিলার প্রতিমাসে সাড়ে ৩ হাজার টাকা করে দিলে মীর শাহে আলম উপজেলা নির্বাহী অফিসারকে বলে দিলে ডিলারদের আর টিসিবির পণ্য তুলতে সমস্যা হবে না।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলায় টিসিবির ডিলাররা পণ্য নিয়ে এসব জটিলতা কাটিয়ে উঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব, রুবেল, ইফতেখারুল আলম, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, মেহেদী, রাসেল, মিল্লাত, রাজ্জাক, রহেদুল শেফালী প্রমুখ।
এর আগে গত সোমবার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিএনপি ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে সেই মামলা থেকে নাম প্রত্যাহার করে নিতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও ভুক্তভোগি নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শিবগঞ্জে ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে বিএনপির মামলা, মাসে ৩৫০০ টাকা এবং নাম কাটতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি
সেপ্টেম্বর ১১, ২০২৪


































