আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এ উদ্যোগের আওতায় উপজেলার ছয়টি সরকারি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার সরকারি জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রনজু, সাধারণ সম্পাদক নুর আলম সরকার, সহসভাপতি এম এ মান্নান, আলমগীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আলম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আমন্ত্রণ/এজি
ধুনটে সরকারি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
সেপ্টেম্বর ৮, ২০২৬
































