বগুড়া ব্যুরো :
আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর)-এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের অধ্যক্ষ, সংগঠনের উপদেষ্টা, সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বাঘ ও বন্যপ্রাণী সংরক্ষণ, বন রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন।
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’—এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বাঘের সুরক্ষা, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জোর দাবি জানানো হয়।
শোভাযাত্রা শেষে এক সমাবেশে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম বলেন, বাঘ শুধু একটি সুন্দর বন্যপ্রাণী নয়, এটি আমাদের বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বন উজাড়, অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে। বাঘ রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি আশা মনি জানান, তীর প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাঠে কাজ করছে। বিশ্ব বাঘ দিবসে তাঁদের এই আয়োজনের মূল লক্ষ্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে দায়িত্ববোধ তৈরি করা। সুন্দরবন সংলগ্ন এলাকায় সচেতনতা বাড়ানো এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান তিনি।
বাঘের সংখ্যা হ্রাসের পরিসংখ্যান তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অপরিসীম। কিন্তু চোরাশিকার ও আবাসস্থল কমে যাওয়ায় বিশ্বজুড়ে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। ১৯৭৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে ৩৫০টি বাঘ থাকলেও ২০২৫ সালের জরিপে তা কমে ১২৫টিতে দাঁড়িয়েছে। এমন সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরির বিকল্প নেই।
সংগঠনের সদস্য তৌফিকুর রহমান সিদ্দিকী বাঘকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশ শেষে উপস্থিত সবাই বন্যপ্রাণী, বন ও প্রকৃতি সংরক্ষণে নিজ নিজ ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করে আসছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ২০২১ সালে ‘জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কারে’ ভূষিত হয়।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় আন্তর্জাতিক বাঘ দিবসে তীরের শোভাযাত্রা
জুলাই ২৯, ২০২৬
































