গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভাটি গোবিন্দগঞ্জের আদর্শ প্রি-ক্যাডেট স্কুলে আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিতাই চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব রাহাত ইবনে শাহিদ। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
জুন ১৫, ২০২৬


































