গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে রিপন হামিদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে হাকিমপুর থানাধীন বড় ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে বিজিবির সমন্বয়ে রিপন হামিদের বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে তার বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে রাখা টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫টি ২৫০ মিলিলিটার ‘বুপিজেসিক’ (বুপ্রেনরফিন) ইনজেকশন, ৪০০ পিস ‘Topee-100’ ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার পরিমাণ ১০৮ গ্রাম, এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Oppo (মডেল: CPH2711) মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা আলামত সীলগালা করা হয়। একই সঙ্গে রিপন হামিদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক), ৩৬(১) সারণির ২৯(ক) ও ২৬(১) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সেপ্টেম্বর ১৮, ২০২৬
































