আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক:
দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন ও ঈদ পুনর্মিলনী’শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে আয়োজিত এ অনুষ্ঠান রাত পর্যন্ত চলে। আয়োজকদের ভাষ্য, পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয়তাবাদী চেতনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি এ কে এম কামরুজ্জামান জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম মতি। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম। সঞ্চালনা করেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল মোন্নাফ মুকুল এবং পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রশিদ সংগ্রাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক আলোচনা পর্বে বক্তারা পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেন। তাঁরা রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মুনা এবং লোকসংগীতশিল্পী সুকুমার বাউল।
আয়োজকেরা জানান, রাজনৈতিক সম্প্রীতি, গণতান্ত্রিক চর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুন ১৪, ২০২৬


































