আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন পোদ্দার (৫৫) নামে কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির আরেক নেতা গুরুতর আহত হয়েছেন।
নিহত আফজাল হোসেন পোদ্দার (৫৫) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গাণিপুর গ্রামের আব্দুল লতিফ পোদ্দারের ছেলে এবং স্থানীয় কৃষকদলের নেতা। আহত আব্দুল ফাত্তাহ ফুলবাড়ী পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন ও ঈদ পুনর্মিলনী’শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আফজাল হোসেন ও আব্দুল ফাত্তাহ মোটরসাইকেলে করে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হন।
পথে পার্বতীপুর বাইপাস সড়কে পৌঁছালে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী কোচ তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেন নিহত হন এবং আব্দুল ফাত্তাহ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পার্বতীপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতারা জানান, দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কোচ ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর-৫ আসনের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার কামরুজ্জামান জামান। ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। শোকবার্তায় তাঁরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পার্বতীপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ।
আমন্ত্রণ/এজি
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
জুন ১৪, ২০২৬


































