মো. আফজাল হোসেন :
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে আজ বুধবার (৬ মে) খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক আঞ্চলিক অফিসের কনফারেন্স রুমে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক দিনব্যাপী আয়োজিত কৃষক প্রশিক্ষণ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রিজিয়ন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এমরান আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ, দিনাজপুরের এএসএম ডা. মো. মারুফ হোসেন।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা খামারীদেরদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ
মে ৬, ২০২৬
































