দৈনিক আমন্ত্রণ, বিনোদন ডেস্ক :
এ প্রজন্মের তারকাদের সম্পর্কের মেরুকরণ বোঝা বেশ কষ্টকর। বিচ্ছেদের খবরে তারা প্রয়ই শিরোনামে উঠে আসেন। সেখানে পুরোনো দিনের একাধিক তারকা দম্পতি কিন্তু অনন্য উদাহরণ স্থাপন করছেন। এদের মধ্যে ধর্মেন্দ্র-হেমা মালিনী অন্যতম।
গত বৃহস্পতিবার ছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪তম বিবাহবার্ষিকী। বিশেষ দিনে দাম্পত্য জীবন নিয়ে মনের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা।
এদিন দুজনে ছিলেন খুব কাছাকাছি, দেখে মনে হচ্ছে সদ্য তাদের বিয়ে হয়েছে! বিশেষ এই দিনে দুজন দুজকে পরিয়ে দেন বিশাল ফুলের মালা। এরপর ধর্মেন্দ্র হেমার গালে ভালবাসার চুম্বন এঁকে দিচ্ছেন। সেই ছবিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দম্পতিকে নিয়ে অনুরাগীদের তৈরি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন হেমা। সেখানে ধর্মেন্দ্র ও হেমার একাধিক ছবির কোলাজ ফুটে উঠেছে। ভিডিওটি পোস্ট করে হেমা বিশেষ উপলদ্ধির লিখেছেন, ‘আজ আামাদের বিবাহবার্ষিকী। ৪৪ বছর এক সঙ্গে থাকা, দুই কন্যা, নাতি নাতনিরা আমাদের সব সময় ঘিরে রয়েছে এবং ভালোবাসায় ভরিয়ে তুলেছে।’
একই সঙ্গে ওই পোস্টে তাদের প্রতি অনুরাগীদের ভালোবাসার কথাও উল্লেখ করেছেন হেমা। তিনি লেখেন, ‘এর থেকে বেশি আর কী’ই বা চাইতে পারি আমি। ঈশ্বরের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’
১৯৮০ সালে হেমা মালিনী ও ধর্মেন্দ্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেন। সানি দেওল ও ববি দেওলের জন্ম তখনই। অন্যদিকে ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে এষা দেওল ও অহনা দেওল।
দাম্পত্য জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে হেমার উপলব্ধি
মে ৩, ২০২৪


































