আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে হাতেনাতে আটক করে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তের স্বজনরা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও ভুলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল (৬০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রানা মিয়ার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
এ অবস্থায় শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া কৌশলে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। এ সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে ঘরের ভেতর আটক করে রাখেন।
রোববার (১৫ মার্চ) সকালে এ ঘটনার খবর পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসলামসহ তার স্বজনরা প্রবাসীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও মারধর করে আটক রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক আশিক
আমন্ত্রণ/এজি
ধুনটে প্রবাসীর স্ত্রীর ঘরে ধর্ষণ: আটক কলেজছাত্রকে ছিনিয়ে নিতে হামলা-ভাঙচুর, আহত ৫
মার্চ ১৬, ২০২৬
































