বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বগুড়ার ৪টি আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এই ৪টি আসনে বাকি ১৯ জন প্রার্থীর যাচাই-বাছাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বৈধ হয়েছে ১৪ জনের এবং বাতিল হয়েছে ৫ জনের। যাচাই-বাছাই হওয়া আসনগুলো হলো, বগুড়া-৪, বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭।
আজ শনিবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান যাচাই-বাছাই করেন।
এদিন সকালে শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বগুড়া সদর আসনে তারেক রহমানসহ দুইজনের মনোনয়ন বৈধ ও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে প্রার্থী হতে চাওয়া ৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এই আসনে মনোনয়ন বৈধ হওয়া দুজন হলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। এই আসনে মনোনয়ন বাতিল হওয়া তিনজন হলেন, বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ।
এরপর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের মধ্যে ৩ জনের বৈধ ও একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত মোরশেদ মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম। দলীয় মনোননয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিন বেলা আড়াইটা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মনোনয়ন দাখিল করা ৫ জনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী।
বিকেল সাড়ে ৩টা থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মনোনয়ন দাখিল করা ৫ জনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে ৪ জনের মনোনয়ন বৈধ ও একজনের বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, কমিউনিটি পার্টির শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মোঃ মাহমুদুর রহমান। বাতিল হওয়া প্রার্থী হলেন, এলডিপির খান কুদরত-ই সাকলায়েন।
জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করায় তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, বগুড়ার ৪টি আসনে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়ন পত্র সঠিক তাদেরটা গ্রহন করা হয়েছে। এবং যাদের তথ্য গোপন ও অসম্পূর্ণ তাদের বাতিল করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার ৪টি আসনে তারেক রহমান সহ বৈধ প্রার্থী ১৪ জন, বাতিল ৫ জন
জানুয়ারি ৩, ২০২৬


































