বগুড়া ব্যুরো :
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পুনঃপ্রক্রিয়াজাত করার অপরাধে ‘বেলাল ফুডস’ নামের একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, বেলাল ফুডস-এর কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করা হচ্ছিল। সেখানে খাদ্যকর্মীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির মানা হচ্ছিল না। এছাড়া, বাজার থেকে ফেরত আসা মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে পুনরায় নতুন খাদ্যে মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানসনদ এবং কোনো প্রকার নিবন্ধন ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।
অপ্রীতিকর পরিবেশ এবং সব অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ নিরাপদ খাদ্য আইনে বেলাল ফুডসকে নগদ এক লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সংশ্লিষ্ট পরিদর্শক দল এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
এ বিষয়ে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযান শেষে জরিমানার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের প্রযোজ্য সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার
জুলাই ২২, ২০২৬
































