আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে পাওয়ার টিলারের (জমি চাষ করা মেশিন চালিত) চাকায় পিষ্ঠ হয়ে শাকিব হাসান (২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায়।
নিহত শাকিব হাসান পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের খাজেরডাঙা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে এবং ওই পাওয়ার টিলারের হেলপার (চালকের সহকারী) ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় দিয়ে কাঠখড়ি বোঝায় একটি পাওয়ার টিলার (জমি চাষ করা মেশিন চালিত) নবাবগঞ্জ গামী যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলার থেকে টিলারের হেলপার শাকিব হাসান সড়কের ওপর পড়ে যান। এ সময় টিলারের একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শাকিব হাসানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে পাওয়ার টিলারের চাকায় পিষ্ঠ হয়ে হেলপারের মৃত্যু
ডিসেম্বর ২৪, ২০২৫
































