খানসামা সংবাদদাতা :
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে দিনাজপুরের খানসামার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের এ ঘটনায় থানসামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করে। প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় নিয়মিত ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে উপজেলার টগুয়া মাঝাপাড়ার শচীন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায়, টংগুয়া পুকুড়পাড়ার মৃত বছির উদ্দীনের ছেলে মো. মতিয়ার রহমান ও মো. মিজানুর রহমান প্রতিষ্ঠান চলাকালে বিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের অশালীন ভাষায় গালিগালাজ করে।
এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনমোহন (বিএসসি) তাদের বাধা দিলে মতিয়ার রহমান তার পায়ের জুতা খুলে বিএসসি শিক্ষক মনমোহন বর্মনকে মারপিট ও জখম করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক হরিকেশর বর্মন মনমোহন বর্মনকে রক্ষার জন্য এগিয়ে গেলে অভিযুক্তরা তাদেরকে কিল ঘুষি মারে। পরে তারা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে অভিযুক্ত মতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আরেক অভিযুক্ত লিটন চন্দ্র রায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি মারধরের কথা অস্বীকার করেন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
খানসামায় স্কুল শিক্ষকদের মারধরের অভিযোগ
অক্টোবর ১, ২০২৪


































