আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২ হাজার ১০০ জন কৃষক এ সহায়তা গ্রহণ করেন।
আজ সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। উদ্বোধনের আগে তিনি প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বলেন, “সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উফশী বোরো ও হাইব্রিড বোরো ধান চাষাবাদের উপযোগী মানসম্মত বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, এ প্রণোদনা পেয়ে কৃষকরা উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জন করতে পারবেন, যা স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এসিজি


































