দৈনিক আমন্ত্রণ হবিগঞ্জ প্রতবিদেক
প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের সময় ৬ তলা থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া হুড়োহুড়ি করে নামার সময় আরও অন্তত ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা সমকালকে বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কটি। বুধবার বিকেল চারটার দিকে পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রতিষ্ঠানের এজিএম এহসানুল হক জানান, অগ্নিকাণ্ডরের সময় আতঙ্কিত শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ভবন থেকে নামার সময় ৪০ জন শ্রমিক আহত হয়েছে। আগুন থেকে রক্ষা পেতে ৬ তলা থেকে লাফ দেন নাজমা বেগম নামের এক শ্রমিক। তিনি পরে মারা গেছেন।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছেন। তবে আগুনের কারণ জানতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।


































