বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় অসঙ্গতি, শিক্ষাগত যোগ্যতার সনদ, দলীয় মনোনয়ন ও তথ্য গরমিলের কারণে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুর কারণে একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হলেও তার মৃত্যুর কারণে রিটার্নিং কর্মকর্তা ওই আসনে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
আসনভিত্তিক হিসাবে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বৈধ প্রার্থী ৫ জন, বাতিল ২ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বৈধ ৩, বাতিল ৪ জন। বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বৈধ ৪, বাতিল ১ জন। বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা পাঁচজন প্রার্থীই বৈধ হয়েছেন। বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে বৈধ ৪, বাতিল ১ জন। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বৈধ প্রার্থী ২ জন, বাতিল ৩ জন। বগুড়া-৭ আসনে বৈধ ৩ জন এবং বাতিল ১ জন।
নির্বাচনে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পক্ষ থেকে বগুড়ায় তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, এরমধ্যে দুজন বৈধতা পেয়েছেন। তবে বগুড়ার কোনো সংসদীয় আসনে প্রার্থী দিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার ও শনিবার বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত কাজী রফিকুল ইসলাম ও আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন, গণফোরামের জুলফিকার আলী এবং বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক। বাতিল হয়েছেন ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী শাহাজাদী আলম লিপি।
বগুড়া-২ আসনে বৈধ প্রার্থী বিএনপির মীর শাহে আলম, জামায়াতের আবুল আজাদ শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন। বাতিল চারজন হলেন— নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণঅধিকার পরিষদের সেলিম সরকার।
বগুড়া-৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির আব্দুল মুহিত তালুকদার, জামায়াতের নূর মোহাম্মদ, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম এবং খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম। বাতিল হয়েছেন ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার।
বগুড়া-৪ আসনে পাঁচজন প্রার্থীই বৈধ হযেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জামায়াতের মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামরুল হাসান শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী।
বগুড়া-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতের দবিবুর রহমান, সিপিবির শিপন কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান। এ আসনে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-৬ সদর আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতের আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছেন বাসদের দিলরুবা নূরী, জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি এবং ইসলামী আন্দোলনের আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ।
বগুড়া-৭ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মোরশেদ মিল্টন, জামায়াতের গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম। বাতিল হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলী। এ আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এজি
বগুড়ার সাত আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী, এনসিপির কেউ নেই
জানুয়ারি ৪, ২০২৬
































