বগুড়া ব্যুরো :
বগুড়ায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বসে পড়েন এবং বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন, যার ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
এর আগে, গত ১৫ এপ্রিল বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই দাবিতে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে এবং সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ
এপ্রিল ১৬, ২০২৫
































