আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ফাঁকা রাস্তায় মাদক লেনদেনের সময় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) মধ্যরাতে পৌর এলাকার দাসপাড়া গ্রামের ফাঁকা সড়ক থেকে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামের মন্টু মিয়ার ছেলে মিনু রহমান (৩৬)এবং একই উপজেলার চরকাদহ গ্রামের আবুল মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন (২৮)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনু ও ছানোয়ার দীর্ঘদিন ধরে পথেঘাটে ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছিল। কখনও মোবাইল ফোনে যোগাযোগ করে নির্দিষ্ট ক্রেতার কাছে পৌঁছে দিত মাদক। বৃহস্পতিবার রাতে তারা ধুনট পৌরসভার দাসপাড়া এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি


































