বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে হত্যা ও নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা (৩৮), আশেকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাফিউর ইসলাম ওরফে রাফি (২৯) এবং উপজেলার কৈগাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী রিমন খান (২৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ডাকে শাকপালা এলাকায় হাসিনা সরকারের নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি ও বোমাবাজির অভিযোগে মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের মোমিনুল হক মুক্তার বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ডাকে নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি ও বোমাবাজি করে যুবদল নেতা ফোরকানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হত্যা ও নাশকতা মামলার আসামি। তাদেরকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































