নাটোর প্রতিবেদক :
নাটোরের নলডাঙ্গার ধর্ষণ মামলায় মিঠুন মণ্ডল (২৩) ও আশরাফুল ইসলাম (২৩) নামে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছাব্বির হোসেন (১৮) নামে একজনকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ আবদুর রহিম। রায়ে মিঠুন আলীকে ৫০ হাজার ও আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মিঠুন, আশরাফুল ও সাব্বির নলডাঙ্গার মমিনপুর গ্রামের বাসিন্দা।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ৩১ মে মামলার ভুক্তভোগী মাঠে ছাগল নিয়ে গেলে মিঠুন, আশরাফুল ও সাব্বির পাশের ক্ষেতে নিয়ে যায়। পরে আশরাফুল ও সাব্বিরের সহযোগিতায় মিঠুন তাঁকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন। এতে মিঠুনের বিরুদ্ধে ধর্ষণ এবং আশরাফুল ও সাব্বিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। আনিসুর রহমান বলেন, আদালতে তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। আদায়কৃত ৭০ হাজার টাকা ভুক্তভোগীকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন, একজনের আটকাদেশ
মার্চ ১৪, ২০২৪
































