বগুড়া ব্যুরো :
বগুড়ায় বসতবাড়ির উঠান থেকে তাজা গাঁজার গাছ উদ্ধারসহ মান্নান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) বগুড়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার মান্নান ওই এলাকার মোয়াজ্জেমের ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় মান্নানের বসতবাড়ির উঠানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-১২। অভিযানে মান্নানের বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাঁকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় বাড়ির উঠানে গাঁজা গাছ, যুবক গ্রেপ্তার
সেপ্টেম্বর ২৪, ২০২৬































