মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম (নুরু), সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক খোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মকবুল হোসেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, পস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় বক্তব্য দেন ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হীরা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ অর্জন, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে চলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।
আমন্ত্রণ/এজি
ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৪, ২০২৬
































