প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
বগুড়া ব্যুরো :
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। উদ্বোধনের পর গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন তিনি।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (পিপিএম) মির্জা সায়েম মাহমুদ। এতে স্বাগত বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক আতোয়ার হোসেন।
কর্মশালার প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) আব্দুস সবুর। তিনি ‘গুজব, ভুয়া খবর ও ঘৃণাত্মক বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সেশন শেষে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আমন্ত্রণ/এজি
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে –বগুড়ায় বিচারপতি আবদুল হাকিম
সেপ্টেম্বর ২৪, ২০২৬






























