আমন্ত্রণ প্রতিবেদক, হাকিমপুর :
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে দুর্যোগ মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি রাখতে হবে সেসম্পর্কে আলোকপাত করেন বক্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।

































