আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবাংলার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌণে পাঁচটায় ঠাকুরগাঁওয়ের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। বেশ কিছুদিন থেকেই জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।
আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে তার কফিন এনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে এবং দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল চত্বরে দ্বিতীয় জানাযা শেষে মুন্সীপাড়া গোরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হবে।
শাহীন ফেরদৌস দীর্ঘদিন থেকে দৈনিক উত্তরবাংলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি দৈনিক খবর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ছিলেন।
দৈনিক উত্তরবাংলা পরিবারের শোক :
দৈনিক উত্তরবাংলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক উত্তরবাংলা পরিবার।
দৈনিক উত্তরবাংলা পরিবারের পক্ষে সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এক শোকবার্তায় বলেন, শাহীন ফেরদৌস দীর্ঘদিন থেকে নিষ্ঠার সাথে দৈনিক উত্তরবাংলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি’র দায়িত্ব পালন করে আসছিলেন। দৈনিক উত্তরবাংলার জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। দৈনিক উত্তরবাংলাকে এগিয়ে নিয়ে যেতে শাহীন ফেরদৌসের ভূমিকা অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দৈনিক উত্তরবাংলা পরিবার একজন পরীক্ষিত সদস্যকে হারালো। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের শোক :
দৈনিক উত্তরবাংলার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস এর মৃত্যুতে দিনাজপুর জেলার ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি


































