মহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরের হাট বাজারে অবিশ্বাস্য হারে কমেছে শীতকালীন সবজির দাম। অন্যান্য সবজির মতো ফুলকপি প্রতি হালি (৪টি) ১০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতা মিলছেনা।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিরামপুর শহরের সবজি বাজার ঘুরে দেখা গেছে, আলু পেঁয়াজসহ সব ধরণের সবজির দাম অবিশ্বাস্য ভাবে কমে এসেছে। বাজারে নতুন আলু (বড়) ৪০ টাকা, ছোট ২৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, বেগুন ২০টাকা, শিম ২০টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি এবং বাঁধা কপি প্রতি পিচ ১০ টাকা ও ফুলকপি প্রতি হালি (৪টি) মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতো বেশি সবজি বাজারে উঠেছে যে, বেলা বাড়ার সাথে কমে যাচ্ছে ক্রেতা।
বিক্রেতারা হাঁক-ডাক করেও কাঙ্খিত দামে সবজি বেচতে পারছেন না। সবজি বিক্রেতা ইয়াসিন আলী বলেন, গত কয়েক বছরেও বিরামপুর এলাকায় সবজির এতো দাম কমেনি। ক্রেতা আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন পর কম দামে সবজি কিনতে পারায় তিনিও থলে ভরে খরচ করেছেন।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, বিগত সময় সবজির অধিক মূল্যের কারণে এবার বিরামপুর উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে আলু চাষ এবং ১ হাজার ২৮০ হেক্টর জমিতে অন্যান্য সবজির চাষ হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে শীতকালীন সবজির দর পতন!
ডিসেম্বর ২৭, ২০২৪


































