আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।
আজ শুক্রবার (১২ জুন) সকালে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপন করে উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ এবং বাস্তবমুখী সমাধান উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতায় পিরহাটী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামূলক মনোভাব, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে উঠবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
জুন ১২, ২০২৬


































