মো. সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, ঠাকুরগাঁও প্রতিবেদক :
ঠাকুরগাঁও পৌরসভার বহুল প্রতীক্ষিত রাস্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ইসরাফিল শাহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফয়সাল আমিন বলেন, “সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে শহরকে আধুনিক রূপে গড়ে তুলতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলাকার সব রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্টেশন রোডে একটি ওভারব্রিজ নির্মাণের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।”
প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু জানান, গত ৫ জুন একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত ৩০০ কোটি টাকার এই প্রকল্পের অর্থ ঠাকুরগাঁও পৌর এলাকার অবকাঠামোগত ও নান্দনিক উন্নয়নে ব্যবহার করা হবে এরই ধারাবাহিকতা ৩০ কোটি টাকায় বরাদ্দকৃত সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে সত্য পীর ব্রিজ হতে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত এবং মির্জা পাম্পের পূর্ব দিক হতে নারগুনগামী রোড পর্যন্ত। এর মধ্যে রাস্তা নির্মাণ হবে ৯.১৫০ কিলোমিটার। আরসিসি ড্রেন নির্মাণ হবে ৭.২৫০ কিলোমিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
৩০ কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে ঠাকুরগাঁও পৌরসভা: রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
অক্টোবর ৩১, ২০২৫


































