১৯ জুলাই জেলার ১০৩ ইউনিয়ন ও পৌর এলাকায় আট লক্ষ বৃক্ষ রোপণের পরিকল্পনা
মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৫ আয়োজন উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার,ওয়ার্ল্ডভিশনের জেলা সমন্বয়কারী অরবিন্দ সিলভেস্টার গমেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়া, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সম্পাদক মো. আকরাম হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ১৯ জুলাই বিকেল চারটায় দিনাজপুর বড়মাঠে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হবে এবং একই দিন সকাল দশটা হতে বেলা একটা পর্যন্ত তিন ঘন্টায় দিনাজপুর জেলার ১০৩ ইউনিয়ন ও পৌর এলাকায় আট লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।
এ সময় দিনাজপুরের বিভিন্ন নার্সারি মালিক, নার্সারি উদ্যোক্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
১৯ জুলাই থেকে দিনাজপুর বড়মাঠে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা
জুলাই ১, ২০২৫


































