আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাঁন মিয়া নামে স্থানীয় এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে যমুনা নদীর ডান তীরে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের বিভিন্ন স্থানে রোপণ করা হয় কাঠগাছ, যা সময়ের সঙ্গে বড় হয়ে বর্তমানে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে।
স্থানীয়দের দাবি, এসব গাছ কাটার উদ্দেশ্যে পরিকল্পনা করেন চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়া। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তিনি বাঁধের একটি প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কাঠগাছ কাটতে শুরু করেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুঠোফোনে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত চাঁন মিয়া বলেন, বাঁধের ধারের গাছগুলো আমি নিজেই রোপণ করেছি, তাই কাটছিলাম। তবে তিনি স্বীকার করেন, গাছ কাটার জন্য কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও তাকে নিষেধ করা হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন আলী জানান, সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে যমুনা বাঁধে সরকারি গাছ কাটার চেষ্টা, অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
এপ্রিল ১৭, ২০২৬
































