গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ডিসেম্বর ৮, ২০২৫


































