সাব্বীর হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩২ বছর আগে কেনা সম্পত্তি চাষাবাদ করা কৃষকের জমি হঠাৎ করে দখল করে মালিক বনে যাওয়ার ঘটনা ঘটেছে।আর এ ঘটনায় জমির মালিকের স্বামী স্ট্রোক করে মারা গেছে বলে অভিযোগ করেন প্রভা রাণী নামের এক জমির মালিক।
প্রভা রাণী জানান, রাণীশংকৈল উপজেলার ভুকুরগাঁও গ্রামের বাসিন্দা কসির উদ্দিনের পরিবার গায়ের জোরে ক্ষমতার দাপটে পট পরিবর্তনের সাথে সাথেই আমার কেনা সম্পত্তি দখল করে নিয়েছে।শুধু তাই নয় গত শনিবার গভীর রাতে আমার জমিতে থাকা ধানও কেটে নিয়ে যায় তারা।
জানা যায়, ১৯৯৩ সালে রাণীশংকৈলের ভুকুরগাঁও মৌজার ১০৬ নং দাগের ১১৪ শতকের মধ্যে ৮৩ শতকে আমমোক্তানামা দলিল বিনিময়ের মালিকের কাছ থেকে খোশ কবলা দলিলে মালিক হন ওই এলাকার কলেন চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি প্রভা রাণী রায় ও সন্তান শুভ রায় বর্মন। সেই হিসেবে ৩২ বছর ধরে জমিটি নিজের দখলে রাখেন প্রভা রাণীর পরিবার। তবে তার পরিবারে দেখভালের লোক না থাকায় বছর কন্ট্রাকে চাষি আব্দুল মালেককে চাষাবাদ করতে দেয় প্রভা রাণী।
চাষি আব্দুল মালেক ও শামসুল নিহার জানান, আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন এর পরিবার চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি । হটাৎ করেই আমন ধান রোপণের সময় কসিরের পরিবার জোর পূর্বক ধানরোপন করে এবং গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়।
জমির মালিক প্রভা রাণী জানান, ৩২ বছর ধরে আমার দখলে থাকা এই জমিতে চলতি বছরের আগস্টে কসির উদ্দীনের নেতৃত্বে বেশ কয়েকজন জোর পূর্বক আমন ধানের চারা রোপণ করে দেয়। এনিয়ে আমরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। এমনকি গত কয়েকদিন আগে এই জমির শোকে আমার স্বামী(কলেন চন্দ্র)স্ট্রোক করে মারা যায়।
এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন,এখানে জমির অংশের জটিলতা রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
আমন্ত্রণ/এসিজি


































