আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
খেলার টানে নিয়মিতই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিখাদ ক্রীড়াপ্রেম থেকেই তার এই মাঠ মুখী হওয়া। খেলা ভালোবাসেন বলে খেলোয়াড়দের প্রতিও রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই এবার হকি ও কাবাডি নারী দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো এক বিকেল কাটালেন প্রধানমন্ত্রী কন্যা।
শনিবার (২৩ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক’দিন আগে নারী হকি দল ও নারী কাবাডি দল ভিন্ন দুটি আন্তর্জাতিক আসরে দারুণ সাফল্য অর্জন করেছে। নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে নারী কাবাডি দল এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে।
মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুই দলকে এদিন সংবর্ধিত করা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন করা হয়।
বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব আলো কেড়ে নেন জাইমা রহমান। খেলোয়াড়দের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। এ সময় খেলোয়াড়দের সুবিধা-অসুবিধার কথা শুনতে চান প্রধানমন্ত্রী কন্যা।
হকি ও কাবাডির নারী দলের মধ্যে জাইমা রহমান
মে ২৫, ২০২৬
































