বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আড়িয়ারঘাট সেতুটি হুমকির মুখে পড়েছে। উপজেলা ও পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির বালু ব্যবসায়ীরা নৌকায় শ্যালো মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বাঙালি নদী থেকে বালু তোলার মহোৎসবে মেতে উঠেছে। এতে করে আড়িয়ারঘাট সেতুটি হুমকির মুখে পড়েছে। এছাড়াও নদীপাড়ের বাড়িঘর আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে। পাশাপাশি খর¯্রােতা বাঙালি নদী ভাঙনে তীব্রতা আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়দের অভিযোগ, গত ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে উপজেলার নামাজখালী, রানীরপাড়া, রংরারপাড়া, নিশ্চিন্তপুর, হলিদাবগা, পোড়াপাইকর এলাকায় নদীর ডানতীর সংরক্ষণ কাজ করে। নদীতে অবাধে বালু উত্তোলন করায় বাড়িঘর, আবাদী জমি, গাছপালা হুমকির মুখে পড়েছে। এছাড়াও পরিবেশের ভারসাম্য হারাতে বসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা উপজেলার আড়িয়ারঘাট থেকে পোড়াপাইকর (ছলুরঘাট) পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক স্থানে শ্যালো মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে যাচ্ছে।
এ বিষয়ে আড়িয়ারঘাট এলাকার বালু ব্যবসায়ী আব্দুর রহিম ও চক নন্দন এলাকার শাহিন বলেন, শুধু আমরা নই, বালু তোলার সঙ্গে প্রায় শতাধিক লোকজন জড়িত। এছাড়াও মধুপুর এলাকার বালু ব্যবসায়ী ও আব্দুল মোমিন বলেন, তাদের পয়েন্টে প্রায় ২১ জন ব্যক্তি বালু তোলার সঙ্গে জড়িত। প্রতি ট্রলি বালু ২ হাজার থেকে ২৫শ টাকা আর প্রতি ট্রাক বালু ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ দিকে নদী থেকে অবাধে বালু উত্তোলন করে গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত শ শ ট্রলি, ভটভটি ও মিনি ট্রাক চলাচলের ফলে গ্রামীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক সাংবাদিকদের বলেন, আড়িয়ারঘাট একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ওই খেয়াঘাটের ওপর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এলজিইডি সেতু নির্মাণ করেছে। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।
আমন্ত্রণ/এসিজি
সোনাতলায় বাঙালি নদী থেকে বালু উত্তোলন ৫০ কোটি টাকার সেতু হুমকির মুখে ২১ পয়েন্টে শতাধিক ব্যক্তি বালু তোলার সঙ্গে জড়িত
এপ্রিল ২৩, ২০২৫
































