আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
নিজেদের দাপট বজায় রেখে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক বনে যান আলপি আক্তার।
পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিটার বাটলারের শিষ্যরা। এর সুফল মেলে ম্যাচের তৃতীয় মিনিটেই। মিডফিল্ডার মামনি চাকমার নেওয়া নিখুঁত কর্নার থেকে দূরের পোস্টে হেড করে গোল করেন প্রতিমা মুন্ডা। দ্রুত এগিয়ে যাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভাসানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ৬১ মিনিটে শান্তি মার্ডির চিপ শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের এক ডিফেন্ডার। তবে কিছুক্ষণ পরই শুরু হয় ‘আলপি ম্যাজিক’। ৬৬ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। এতে ৪-০ ব্যবধানে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত।
রাউন্ড রবিন লিগে এর আগে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগের শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ ও ভারত আগামী শনিবার বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সে ম্যাচে নির্ধারিত সময় ও টাইব্রেকার শেষে ফলাফল সমতায় থাকায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। দুই বছর পর আবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দল।
ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ
ফেব্রুয়ারি ৫, ২০২৬


































