বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিবেদক :
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিক সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আতিক সরকার উপজেলার খামারকান্দি বাজারে মৃত জহুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। খামারকান্দি বাজারে তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৩ সালে খামারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আতিক সরকার বলেন, ‘ছাত্রত্ব শেষ হওয়ার পর আমি ব্যবসায়িক প্রয়োজনে ছাত্রলীগের কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখি এবং স্থানীয় নেতৃবৃন্দের কাছে নতুন কমিটি গঠনের অনুরোধ করি। তবে ১১ বছর পেরিয়ে গেলেও পুরনো কমিটি এখনো বহাল রয়েছে, যদিও কোনো কার্যক্রম নেই।’
তিনি আরও উল্লেখ করেন, ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করলেও তিনি কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা গ্রহণ করেননি এবং সাধারণ জনগণের ওপর কোনো ধরনের জুলুমও করেননি। তার পরিবার এবং এলাকার লোকজন তার সৎ জীবনযাপন সম্পর্কে জানেন।
এখন ছাত্রলীগের সভাপতি পদে থাকা তার জন্য বিব্রতকর হয়ে উঠেছে উল্লেখ করে আতিক সরকার বলেন, ‘আমি আজ থেকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করছি এবং এখন থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক থাকবে না।”
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে ছাত্রলীগ সভাপতির পদ ছাড়লেন আতিক
অক্টোবর ১৭, ২০২৪
































