বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ১১ নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার (৬ অক্টোবর) দুপুর পর্যন্ত এসব অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেন। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গ্রেফতার আতঙ্কে গ্রামছাড়া হয়েছেন অসংখ্য নারী পুরুষ।
গ্রেফতাররা হলেন-শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মৃত ফাওয়া আলীর ছেলে রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম (৪২), কাবাসি বেগম (৪৫), মাহাবুর রহমান (৪৮), বাপ্পি হাসান (২৭), জাকির হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৮), আব্দুল বাকি (৪০), শহীদ হোসেন (৩৭, আপেল (২৮), মোছা. পারুল (৩৮), রাফিয়া বেগম (১৯), রেবেকা খাতুন (৩০), স্বপ্না বেগম (৪০), খাজিদা খাতুন (২২), আসমা বেগম (৩০), আসমা খাতুন (৩৫), মোছা. রুমি বেগম (৩৮), আয়শা খাতুন (৩৯), ও মাহাতাব উদ্দিন (৪৫)। এদের সবার বাড়ি উপজেলার চকভোলাখাঁ মহল্লায়।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা ও আসামীকে হাতকড়াসহ পালাতে সহায়তাকারী ১১জন নারী ও ১০জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে ওই এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, যেহেতু অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২ শতাধিক তাই গ্রেপ্তার আতঙ্কে গ্রামের নারী পুরুষরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমরাও আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে আমাদের দাবি সাধারণ গ্রামবাসীকে যেন কোন ক্রমেই হয়রানি করা না হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানা ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইমলাম রাজুকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, কোন সাধারণ মানুষকে হয়রানি করা হবেনা।
উল্লেখ্য ৪ অক্টোবর রাতে পুলিশকে মারপিট করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামী করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। এই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে আ. লীগ নেতাসহ ২১ নারী-পুরুষ গ্রেফতার, এসআই প্রত্যাহার
অক্টোবর ৮, ২০২৫
































